
আরামবাগ, ৭ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কিষান কংগ্রেসের চেয়ারম্যান তপন দাসের নেতৃত্বে সোমবার হুগলি জেলার খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন কিষান কংগ্রেসের প্রতিনিধিদল। পরিদর্শনকালে তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। একই সঙ্গে গৃহহীন ও অসহায় কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের নানাবিধ সমস্যার কথা শোনেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা-১ কিষান কংগ্রেসের চেয়ারম্যান ইন্দ্রজিৎ দেব, হুগলি জেলা-২ কিষান কংগ্রেসের চেয়ারম্যান বিদ্যুৎ সামন্তসহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা।
কিষান কংগ্রেসের অভিযোগ, অপরিকল্পিত জল নিয়ন্ত্রণের কারণেই খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ধান, পাট, সবজিসহ বিভিন্ন ফসলের হাজার হাজার বিঘা কৃষিজমি জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বহু পরিবার ঘরছাড়া হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও দাবি তাঁদের।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে সর্বাত্মক পাশে থাকার আশ্বাস দেন প্রদেশ কিষান কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস। তিনি বলেন, এ বারের বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও বহু অসহায় কৃষক এখনও পর্যন্ত ন্যূনতম সরকারি সাহায্য থেকেও বঞ্চিত রয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি রাজ্য সরকারের কাছে জোরালোভাবে জানানো হবে।
তপন দাস আরও স্পষ্ট জানান, যে কোনো পরিস্থিতিতে কৃষকদের স্বার্থরক্ষায় পশ্চিমবঙ্গ প্রদেশ কিষান কংগ্রেস সর্বদা ময়দানে থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে আগামী দিনেও আন্দোলন অব্যাহত রাখা হবে বলে বার্তা দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA