
আগরতলা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল ইউজিটি ও জিটি চাকরিপ্রার্থীর অবিলম্বে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার টিআরবিটি চেয়ারম্যানের কাছে গণডেপুটেশন প্রদান করলেন টেট উত্তীর্ণরা। দীর্ঘদিন ধরে মেধাতালিকা প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। তবে সংশ্লিষ্ট বিষয়ে একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে ডেপুটেশনকারীদের জানিয়ে দিয়েছে টিআরবিটি কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৪ সালে অনুষ্ঠিত টেট পরীক্ষায় মোট ১৮৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণদের মধ্যে ইউজিটি এবং জিটি—দুই বিভাগেই চাকরির প্রত্যাশায় রয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মেধাতালিকা প্রকাশিত হয়নি। ফলে নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
এদিন মেধাতালিকা প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান। পরীক্ষার্থীদের বক্তব্য, তাঁরা একাধিকবার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং টিআরবিটি কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু নানা কারণে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে সরাসরি ডেপুটেশন দেওয়া সম্ভব হয়নি। তাই এদিন টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হন তাঁরা।
ডেপুটেশনকারীদের দাবি, সরকার ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় পদসংখ্যা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ইউজিটি পদে ১০৩৬ জন এবং জিটি পদে ১০২০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে মার্চ মাসে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। কিন্তু ভেরিফিকেশন শেষ হওয়ার প্রায় সাত মাস অতিক্রান্ত হলেও এখনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার্থীদের ভেরিফিকেশন—সবকিছু সম্পন্ন হওয়ার পরও মেধাতালিকা প্রকাশ না হওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের অনেকের বয়সও বাড়ছে। ফলে দ্রুত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর পরীক্ষার্থীরা জানান, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই আইনি জটিলতার কারণে মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেধাতালিকা প্রকাশ বা নিয়োগ সংক্রান্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয় বলে তাঁদের জানানো হয়েছে।
তবে চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁরা আইনি জটিলতার বিষয়টি বুঝলেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করার ফলে তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আদালতের প্রক্রিয়ার পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, টেট উত্তীর্ণদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে না রেখে যত দ্রুত সম্ভব আইনি জটিলতা কাটিয়ে মেধাতালিকা প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ ১৮৫৬ জন প্রার্থীর মধ্যে ইউজিটি ও জিটি পদপ্রার্থীরা রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই বিভাগ মিলিয়ে মোট ২০৫৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং মার্চে ভেরিফিকেশনও সম্পন্ন হয়। এরপরও মেধাতালিকা প্রকাশ না হওয়ায় চাকরিপ্রত্যাশীদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ