
বাহরাইচ, ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় এক গর্ভবতী মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগের জেরেই তাঁর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সাপসা গ্রামের বাসিন্দা উদয়বীর সিং জানান, তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ঋচা সিং অন্তঃসত্ত্বা ছিলেন। গত রবিবার প্রসবের জন্য তাঁকে মুস্তাফাবাদ সিএইচসি–তে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক কল্পনা সাহু তাঁদের জারওয়াল রোডের একটি বেসরকারি হাসপাতাল ‘বিকল্প আরোগ্য কেন্দ্রে’ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অভিযোগ, ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা নাগাদ ঋচার মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা পুলিশ ও স্বাস্থ্য দফতরে অভিযোগ জানান।
সিএমও-র নির্দেশে স্বাস্থ্য দফতরের একটি দল বেসরকারি হাসপাতালটি সিল করে দিয়েছে। সিএমও সঞ্জয় শর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতেই হাসপাতালটি সিল করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। ঘটনার তদন্ত করছে পুলিশও।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস