৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতীয় ফুটবল লিগের নতুন মরসুম, তিন বিদেশির নিয়মে সায় গভর্নিং কাউন্সিলের
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবল লিগের (আইএফএল) ২০২৬-২৭ মরসুম। মঙ্গলবার নয়াদিল্লির ''ফুটবল হাউস''-এ আয়োজিত আইএফএলের গভর্নিং কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বৈঠক
অল ইন্ডিয়া


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবল লিগের (আইএফএল) ২০২৬-২৭ মরসুম। মঙ্গলবার নয়াদিল্লির 'ফুটবল হাউস'-এ আয়োজিত আইএফএলের গভর্নিং কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বৈঠকে লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বিগত ২০২৫-২৬ মরসুমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। গত মরসুমে লিগের দর্শকসংখ্যা এবং সম্প্রচারগত সাফল্য নিয়ে গভর্নিং কাউন্সিলের সদস্য ও ক্লাব প্রতিনিধিরা গভীর সন্তোষ প্রকাশ করেন। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিগত মরসুমের তুলনায় এ বার আইএফএলের দর্শকসংখ্যা প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। এই অভূতপূর্ব সাড়াকে কাজে লাগিয়ে আসন্ন ২০২৬-২৭ মরসুমে পূর্ণাঙ্গ 'হোম-অ্যান্ড-অ্যাওয়ে' ফরম্যাটে লিগ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আসন্ন মরসুমের জন্য খেলোয়াড় নিবন্ধনের নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মরসুমে ম্যাচ চলাকালীন একই সময়ে প্রতিটি দল সর্বাধিক ৩ জন বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে। পাশাপাশি দেশের ফুটবল মানচিত্রে লিগের পরিধি আরও বাড়াতে নাগাল্যান্ড এবং ওড়িশাকে নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের আরও বিস্তৃত অঞ্চলে লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

এদিনের বৈঠকে আইএফএলের সামগ্রিক বাজেট, স্পনসরশিপ প্যাকেজ এবং নতুন মরসুমের নীতি-নির্দেশিকা (চার্টার) নিয়েও বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়। লিগের সম্প্রচার স্বত্ব ও সম্প্রচার ব্যবস্থার গতিধারা বজায় রাখতে গত সোমবার প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন আইএফএল ক্লাবগুলির প্রতিনিধি এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। প্রসার ভারতীর তরফে আগামী মরসুমেও সফল সম্প্রচারের জন্য সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande