
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুত এবং ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে কলকাতার প্রায় ৪০টি রেস্তরাঁ ও খাবারের দোকানের ফুড লাইসেন্স বাতিল করেছে কলকাতা পুরসভা। তালিকায় রয়েছে রিপন স্ট্রিটের ‘করিমস’, পুরসভার কাছের ‘নিজামস’, ইএম বাইপাসের ‘শিমলা বিরিয়ানি’ এবং নাগেরবাজারের ‘আরসালান’-এর একটি আউটলেট-সহ একাধিক নামী প্রতিষ্ঠান।
পুরসভা সূত্রে খবর, গত সাত দিনে ১৬৭টি রেস্তরাঁ, হোটেল ও খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ১৩০০ কেজি নষ্ট খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়েছে। কোথাও পচা খাবার, ছত্রাকযুক্ত পনির, মাছ-মাংস এবং মেয়াদোত্তীর্ণ মশলা পাওয়া গিয়েছে। আবার খাবার তৈরির জায়গায় আরশোলা ও ইঁদুরের উপদ্রবেরও সন্ধান মিলেছে। কয়েকটি প্রতিষ্ঠানে খাবারে ক্ষতিকর ও সম্ভাব্য কার্সিনোজেনিক রং ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
মঙ্গলবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে খাবারের গুণমান ও পানীয় জলের মান পরীক্ষা করা হবে। তবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আপাতত সাময়িক বলে জানা গিয়েছে। প্রশিক্ষণ কর্মশালার পর নিয়ম মেনে নতুন করে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলিকে। এদিকে নোটিসের পরও কয়েকটি আউটলেট খোলা থাকায় পুলিশি সহায়তায় সেগুলি বন্ধ ও প্রয়োজনে সিল করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়