
শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বর (হি.স.) :
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি-সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সূচি অনুযায়ী কালিম্পংয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে অবতরণ করতে পারেনি তাঁর চপার। পরে শিলিগুড়িতে ফিরে উত্তরকন্যায় পৌঁছে প্রায় চার ঘণ্টার বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী।
এদিন বেলা দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলা বৈঠকে বন্যা মোকাবিলা, স্বাস্থ্য পরিষেবা, রেল, বিমানবন্দর, বিএসএফ এবং পাহাড়ের পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের এইচওডি-রা ভার্চুয়ালি এবং রেল, বিমানবন্দর ও বিএসএফ-সহ কেন্দ্রীয় দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মালদার ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হলে দ্রুত মোকাবিলায় এনডিআরএফ ও এসডিআরএফ-কে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেল ও বিমানবন্দরের জমি-সংক্রান্ত সমস্যাগুলির সমাধান নিয়েও আলোচনা হয়।
পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় প্রায় ২৫০ কোটি টাকার কাজের ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল-সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো নিয়েও পর্যালোচনা হয়। কালিম্পং যেতে না পারায় মুখ্যমন্ত্রী দুঃখপ্রকাশ করে দ্রুত পাহাড় সফরের আশ্বাস দিয়েছেন বলে জানান পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। বৈঠক শেষে সড়কপথে বাগডোগরা গিয়ে বিমানযোগে কলকাতার উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়