
মির্জাপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার থানা এলাকার রায়পুরিয়া গ্রামে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাহুল (৩৫)।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাহুল নিজের ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে যান। তখন ঘরের ভিতরে ছাদের কড়ার সঙ্গে কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের দাদা বুল্লু মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পুলিশকে বিষয়টি জানান। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে রাহুলের বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকতেন। রাহুল বাড়ির রং করা-সহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন।
চুনার থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস