
হুগলি , ৮ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার হুগলি-চুঁচুড়া পৌরসভায় আয়োজিত হলো ‘লোক কল্যাণ মেলা’। মেলায় উপস্থিত থেকে পথবিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
প্রধানমন্ত্রীর ‘স্বনিধি’ প্রকল্পের আওতায় এদিন পথবিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ২ লক্ষ ১৫ হাজার টাকা, ২ লক্ষ ২৫ হাজার টাকা এবং ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সহায়তা প্রদান করা হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের ব্যবসার প্রসারে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।
মেলায় ডিজিটাল মাধ্যমে অর্থপ্রদান সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পথের ধারে খাবার বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও ‘স্বনিধি সে সমৃদ্ধি’ প্রকল্পের মাধ্যমে পথবিক্রেতা ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে তাঁদের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এক দেশ এক রেশন কার্ড, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, জননী সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী জন-ধন যোজনা এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প।
মেলার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের সামাজিক সুরক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। সরকারি পরিষেবা মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া এবং পথবিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA