
জোধপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুরে মঙ্গলবার ভোরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৪টা নাগাদ বোরানাডা এলাকার নারনাড়ি অঞ্চলে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কারখানায় মজুত বিপুল পরিমাণ রাসায়নিক পুড়ে নষ্ট হয়েছে।
খবর পেয়ে প্রথমে বাসনি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বোরানাডা, চোপাসনি হাউসিং বোর্ড এবং শাস্ত্রীনগর থেকেও দমকলের ইঞ্জিন পাঠানো হয়। প্রায় ছ’টি দমকল ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ৫টা থেকে ৬টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস