
আরামবাগ , ৮ সেপ্টেম্বর (হি.স.): মৃত্যুর খবর গোপন রেখে অন্যত্র স্থানান্তরের অভিযোগ। নার্সিংহোমে গিয়ে স্টাফ না পেয়ে ক্ষোভ পরিবারের। আরামবাগে বেসরকারি নার্সিংহোমে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর। এমন কি মৃত্যুর পরও বিষয়টি পরিবারের সদস্যদের না জানিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, আরামবাগের মুথাডাঙ্গার বাসিন্দা শাকিলা খাতুনকে মাথাব্যথা ও জ্বরের কারণে সোমবার দুপুর ১২টা নাগাদ আরামবাগ রেলস্টেশন সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ভর্তির পর কিছুক্ষণ তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিকই ছিল। এরপর আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই শাকিলার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের স্পষ্টভাবে না জানিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করে বলে অভিযোগ। পরে শাকিলার দিদি-সহ পরিবারের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বললে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে পরিবারের দাবি।
এরপর মঙ্গলবার সকালে শাকিলার মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্যরা ওই নার্সিংহোমে গেলে নতুন করে তৈরি হয় বিতর্ক। পরিবারের অভিযোগ, সেই সময় নার্সিংহোমে কোনও স্টাফকে দেখা যায়নি। অথচ সেখানে অন্যান্য রোগী ভর্তি রয়েছেন এবং তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিবারের সদস্যদের থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। এই ঘটনায় কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ কী এবং চিকিৎসায় কোনও গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি তুলেছে পরিবার।
অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA