
আরামবাগ , ৮ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার দেরেগ্রামে ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটায় প্রতিষ্ঠিত ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হলো শ্রীমন্দিরের ২৫তম প্রতিষ্ঠা দিবস এবং পরম পূজ্য শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব। এই উপলক্ষে আয়োজিত শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রী মা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের বিশেষ পূজায় উপস্থিত থাকার সৌভাগ্য হয় গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের।
পবিত্র এই অনুষ্ঠানে ভক্তদের পাশাপাশি এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, শ্রীশ্রী রামকৃষ্ণদেব, শ্রীশ্রী মা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শ ও পবিত্র ভাবধারা মানুষের জীবনকে সত্য, মানবতা ও সেবার পথে এগিয়ে নিয়ে যায়। তাঁদের পবিত্র ভাবধারা আমাদের সকলের জীবনকে আলোকিত করুক—এই প্রার্থনাই করেন তিনি।
শ্রীমন্দিরের ২৫তম প্রতিষ্ঠা দিবস এবং রামকৃষ্ণদেবের জন্মোৎসবকে ঘিরে সেবাশ্রম চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে পালিত হয় বিশেষ এই দিনটি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA