
বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (হি.স.): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের সঙ্গে যুক্ত একটি মামলায় বুধবার সকালে রাজ্যের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলির সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে জানা গিয়েছে, বেলগাভিতে সতীশ জারকিহোলির বাসভবন, গোকাকে তাঁর বাসভবন, বেঙ্গালুরুর ডলার্স কলোনির বাসভবন এবং সরকারি আবাসন-সহ একাধিক জায়গায় একইসঙ্গে তল্লাশি ও তদন্ত চালানো হচ্ছে।
এর আগে গত ২৪ জুন আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার ওয়াই. মঞ্জুনাথের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। মঞ্জুনাথ সম্পর্কে সতীশ জারকিহোলির ভগ্নিপতি।
আবগারি দফতরে কথিত অনিয়ম এবং বেআইনিভাবে অর্জিত অর্থ স্থানান্তরের অভিযোগের তদন্তে তখন বেলগাভির হনুমান নগরের বাসভবন, বেঙ্গালুরুর রেসকোর্স রোডের ফ্ল্যাট, মহীশূর ও হরপনহাল্লি-সহ মোট ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন