
।। রাজীব দে ।।
ঢাকা, ১ অক্টোবর (হি.স.) : ঢাকার গুলশান-বনানী সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিনটন পোবকে এবং তাঁর স্ত্রী ক্রিস্টিন পোবকে। ভক্তিভরে করজোড়ে মা দুর্গাকে প্রণাম করেন তাঁরা।
আজ বুধবার বেলা ২:০০টায় এসে অস্ট্রেলিয়ান হাইকমিশনার গুলশান-বনানী দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন। পূজামণ্ডপে তাঁরা কমিটির নেতৃবৃন্দের সাথে মায়ের প্রসাদও গ্রহণ করেন। হাইকমিশনারে সাথে ছিলেন গুলশান-বনানী পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক অসীম কুমার জোয়াদ্দার, চয়নকুমার দে, বিনয়কুমার রায়, ডা. বিদ্যুৎ কুমার সাহা, দেবাশিস রায়, তাপস রায়, প্রমোদ কর্মকার, রাহুল দাশ, ডোনা দাশ সহ পূজা কমিটির অন্যান্য কর্মকর্তাগণ।
গুলশান বনানী হচ্ছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা। দূতাবাস থাকায় এই এলাকা সবসময় প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢেকে থাকে। এই এলাকায় রয়েছে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত বাসভবন। বসবাস করেন কূটনৈতিক, রাষ্ট্রদূত, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, প্রশাসনিক কর্মকর্তা, উপদেষ্টা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এবারের দুর্গাপূজায় যাতে কোনও অপ্ৰীতিকর ঘটনা সংগঠিত না হয়, সেজন্য তৎপর রয়েছে সেনাবাহিনী, র্যা ব, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন বাহিনী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস