
নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ উপলক্ষে নাগপুরে আয়োজিত বিজয়াদশমী অনুষ্ঠানে সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতের ভাষণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, মোহন ভাগবতের বক্তব্যে জাতীয় অগ্রগতি, সামাজিক ঐক্য, আত্মনির্ভরতা এবং সমাজের চরিত্র গঠনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
প্রধানমন্ত্রী লেখেন, নাগপুরে সঙ্ঘের শতবর্ষের বিজয়াদশমী অনুষ্ঠানে পরম পূজনীয় সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতের ভাষণ ছিল অত্যন্ত প্রেরণাদায়ক। জাতীয় অগ্রগতি ও সামাজিক ঐক্যের পাশাপাশি আত্মনির্ভরতার প্রয়োজনীয়তা এবং সমাজের চরিত্র আরও দৃঢ় করার বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেছেন।
মোদী বিশেষভাবে উল্লেখ করেন, প্রতিটি আরএসএস স্বয়ংসেবকের কাজের সঙ্গে সেবা ও রাষ্ট্রগঠনের অঙ্গীকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাষণে এই দায়িত্ববোধের উপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন মোহন ভাগবত।
প্রধানমন্ত্রী আরও জানান, ‘পঞ্চপরিবর্তন’ নিয়েও বক্তব্য রেখেছেন সরসঙ্ঘচালক। কীভাবে এই পাঁচটি উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তা-ও তাঁর ভাষণে উঠে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য