
ঝাড়গ্রাম, ২৩ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার গভীর রাতে প্লাস্টিক রাসায়নিক বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে তাতে ভয়াবহ আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য দুটি যানবাহনও ভস্মীভূত হয়ে যায়, যার ফলে সমগ্র এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের চিচিড়া অঞ্চলের চিয়াাপাড়ার কাছে খড়গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাঙ্কারটি ঝাড়খণ্ড থেকে আসছিল এবং বাংলা-ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত চিচিড়া চেকপোস্ট অতিক্রম করে লোধাশুলির দিকে যাচ্ছিল। চিয়াাপাড়ার কাছে পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাঙ্কারটি রাস্তার ওপর উল্টে যায়। ট্যাঙ্কারে থাকা দাহ্য প্লাস্টিক রাসায়নিকের কারণে মুহূর্তের মধ্যে সেখানে লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে।
আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে জাতীয় সড়কের উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে জামবনি থানার পুলিশ এবং ঝাড়গ্রাম দমকল বিভাগের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীদের কয়েক ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ট্যাঙ্কারটির চালক ও খালাসি পলাতক। তবে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি