
কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজোর সময়ে শহর ও শহরতলির যানজট এড়িয়ে মণ্ডপে মণ্ডপে পৌঁছানোর জন্য তিলোত্তমাবাসীর মূল ভরসা হয়ে দাঁড়িয়েছিল কলকাতা মেট্রো। এ বছর পুজোর মরসুমে মেট্রোর যাত্রীসংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মেট্রো রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর চতুর্থী থেকে দশমী পর্যন্ত ৭৩ লক্ষেরও বেশি মানুষ মেট্রোতে যাতায়াত করেছেন। এর মধ্যে ষষ্ঠীর দিন সর্বাধিক ভিড় লক্ষ্য করা যায়—একক দিনে যাত্রীসংখ্যা পার করে ১২ লক্ষের গণ্ডি।
পূজোর দিনগুলিতে তীব্র ভিড়ের কারণে কিছু কিছু স্টেশনে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। অত্যধিক চাপের ফলে কয়েকটি জায়গায় ট্রেনের দরজা বন্ধ হতে সমস্যা দেখা যায় এবং নামার সময়ে যাত্রীদের পড়ে যাওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। তবে অষ্টমীর দিন প্রায় এক ঘণ্টার একটি পরিষেবা ব্যাঘাত ছাড়া পুরো পূজো জুড়েই নিরবচ্ছিন্ন পরিষেবা দিয়ে লক্ষ লক্ষ যাত্রীর ভিড় সফলভাবে সামাল দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো পরিচালন পর্ষদের দেওয়া পরিসংখ্যানে জানা গেছে, এ বছর চতুর্থী থেকে দশমী পর্যন্ত মোট ৭৩ লক্ষের বেশি যাত্রী সফর করেছেন। যেখানে গত বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ছয় দিনে যাত্রীসংখ্যা ছিল ৪৬ লক্ষ ৫৬ হাজার। সেই তুলনায় এবার চতুর্থী থেকে যাত্রা শুরু হওয়ায় সামগ্রিক যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এই সময়ের মধ্যে কেবল দশমীর দিনই যাত্রী সংখ্যা ছিল সবচেয়ে কম—প্রায় ৩ লাখ ৪১ হাজার।
এ বার সপ্তমী, অষ্টমী এবং নবমী—পরপর চার দিন রাতভর মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছিল। ফলে ঠাকুর দেখে গভীর রাতেও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরেছেন দর্শনার্থীরা। বিশেষ করে কালীঘাট, এসপ্ল্যানেড, টালিগঞ্জ, শোভাবাজার সুতানুটি, শ্যামবাজার, এমজি রোড এবং গিরিশ পার্কের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ট্রেন থামামাত্রই যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে।
মেট্রোর অফিসিয়াল তথ্য অনুযায়ী, এ বছর চতুর্থীতে ১১ লক্ষ ৬০ হাজার, পঞ্চমীতে ১১ লক্ষ ৭৫ হাজার, ষষ্ঠীতে ১২ লক্ষ ১ হাজার, প্রথম সপ্তমীতে ৯ লক্ষ ৭৮ হাজার, দ্বিতীয় সপ্তমীতে ৮ লক্ষ ১৩ হাজার, অষ্টমীতে ৮ লক্ষ ৪২ হাজার এবং নবমী ও দশমী মিলিয়ে ৩ লক্ষ ৪৫ হাজার যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ষষ্ঠীর রাতের ১২ লক্ষ ১ হাজার যাত্রীই ছিল এই মরসুমের সর্বোচ্চ রেকর্ড।
বিকেলের পর থেকেই প্রতিটি মেট্রো স্টেশনে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করলেও, তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর পুজোয় মণ্ডপমুখী মানুষের ভিড় কিছুটা হ্রাস পেয়েছিল।
এ বার যাত্রী সংখ্যা বৃদ্ধিতে মেট্রোর গ্রিন লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দশমী ছাড়া এই লাইনে প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। একক স্টেশন হিসেবে পঞ্চমীর দিন দমদম স্টেশনে সর্বাধিক ৪ লক্ষ ৯৭ হাজার যাত্রী যাতায়াতের রেকর্ড তৈরি হয়। এর পরেই ছিল কালীঘাট (৪ লক্ষ ৪৩ হাজার) এবং শিয়ালদহ স্টেশন (৪ লক্ষ ৪৯ হাজার)। সার্বিকভাবে পুজোর দিনগুলিতে মেট্রোর এই তৎপর ও মসৃণ পরিষেবায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ