শিলিগুড়িতে বামফ্রন্টের প্রতিবাদ মিছিলের ডাক, বইয়ের স্টলে হামলার প্রতিবাদে সরব নেতৃত্ব
শিলিগুড়ি, ২৩ অক্টোবর (হি.স.) : ‘বই পড়ুন, বই বাঁচান এবং বাংলার ঐতিহ্য রক্ষা করুন’—এই মূল স্লোগানকে সামনে রেখে আগামী শনিবার শিলিগুড়িতে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিল বামফ্রন্ট। শুক্রবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বামফ্রন
শিলিগুড়িতে বামফ্রন্টের প্রতিবাদ মিছিলের ডাক, বইয়ের স্টলে হামলার প্রতিবাদে সরব নেতৃত্ব


শিলিগুড়ি, ২৩ অক্টোবর (হি.স.) :

‘বই পড়ুন, বই বাঁচান এবং বাংলার ঐতিহ্য রক্ষা করুন’—এই মূল স্লোগানকে সামনে রেখে আগামী শনিবার শিলিগুড়িতে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিল বামফ্রন্ট। শুক্রবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্ট নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

বাম নেতাদের অভিযোগ, দুর্গাপূজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়িতেও তাঁদের শারদীয় বইয়ের স্টলে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বামফ্রন্টের দাবি, সাধারণ মানুষের কাছে তাদের সাহিত্য, বই বিক্রি এবং শারদীয় পত্রিকার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় অসূয়া প্রকাশ করেই এই ধরনের আক্রমণ চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বামফ্রন্টের পক্ষ থেকে পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়, গত বছর শিলিগুড়িতে তাদের বইয়ের স্টল থেকে প্রায় এক লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। তবে এ বছর সমস্ত রেকর্ড ছাপিয়ে তা বেড়ে প্রায় তিন লক্ষ টাকায় পৌঁছেছে। শুধু শিলিগুড়িই নয়, এ বছর শারদোৎসবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বামফ্রন্টের বইয়ের স্টলগুলি থেকে এক কোটি টাকারও বেশি মূল্যের বই ও পত্রিকা বিক্রি হয়েছে বলে জানান তাঁরা।

বাম নেতৃত্বের কথায়, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা এবং বাংলার সমৃদ্ধ সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। তাই বইয়ের স্টলে হামলার বিরুদ্ধে এবং বই ও সংস্কৃতি রক্ষার পক্ষে গণচেতনা গড়ে তুলতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande