
মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.): অভিনেতা টাইগার শ্রফের বাড়ির কাছে গুলিচালনার ঘটনায় তদন্তে নেমে গুজরাটের সুরাট থেকে দুটি পিস্তল ও ১০টি তাজা কার্তুজ উদ্ধার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে কারা রয়েছে এবং অভিযুক্তদের নির্দেশ কে দিচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তকারী এক পুলিশ আধিকারিক শনিবার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুলিচালনার সময় এবং তার পরেও শ্যুটাররা ফোন কল ও বার্তার মাধ্যমে তাদের কথিত হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখছিল। পুলিশি তদন্ত, সন্দেহভাজনদের শনাক্তকরণ এবং পুলিশের পদক্ষেপ সংক্রান্ত তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে তদন্তকারীদের অনুমান। এমনকি কোনও ব্যক্তি টেলিভিশনের সংবাদ চ্যানেলগুলিতে সম্প্রচারিত খবরের উপর নজর রাখছিল এবং সেখান থেকে পাওয়া তথ্য শ্যুটারদের কাছে পৌঁছে দিচ্ছিল বলেও সন্দেহ করা হচ্ছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
তদন্তে আরও উঠে এসেছে, গুলিচালনার ঘটনার সিসিটিভি ফুটেজ এবং ভ্লগারদের ধারণ করা ভিডিওতে সন্দেহভাজনদের ছবি প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের মধ্যে রেহান আনসারিকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশের গতিবিধি এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে অভিযুক্তদের কাছে নিয়মিত তথ্য পৌঁছচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই নির্দেশদাতার পরিচয় এবং অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম জানার চেষ্টা চলছে।
অভিযুক্ত ও তাদের কথিত সহযোগীদের ব্যবহৃত যোগাযোগের নেটওয়ার্কও তদন্তের আওতায় রয়েছে। আমেরিকায় থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে অনিল পণ্ডিতকে। পাশাপাশি, হরিয়ানার সোনিপতে গ্রেফতার হওয়া অঙ্কিত খট্টর ও সমীর খত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের অ্যাপ ব্যবহার করে রেহান আনসারির কাছে নির্দেশ পাঠানো হয়ে থাকতে পারে। অভিযুক্তদের কাছ থেকে ছবি, ভিডিও এবং কথোপকথন সংক্রান্ত তথ্যও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ডিজিটাল তথ্যের ফরেনসিক পরীক্ষা করে অভিযুক্তদের মধ্যে যোগাযোগের সূত্র এবং কথিত ষড়যন্ত্রের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, তাদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর সন্দেহভাজনরা যাতায়াতের পরিকল্পনা এবং পরিবহণের মাধ্যমেও পরিবর্তন করেছিল বলে তদন্তে ইঙ্গিত মিলেছে। উদ্ধার হওয়া অস্ত্র, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং অভিযুক্তদের যোগাযোগের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কের কাছে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক এবং এক পথচারী আহত হন। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ও ৩(৫) ধারার পাশাপাশি অস্ত্র আইনের ৩ ও ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য