ডাইনি সন্দেহে আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক
দক্ষিণ দিনাজপুর, ২৪ অক্টোবর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকায় অন্ধবিশ্বাসের জেরে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সেখানে ''ডাইনি'' সন্দেহে ৬৫ বছর বয়সি এক আদিবাসী বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের
महिला की हत्या


দক্ষিণ দিনাজপুর, ২৪ অক্টোবর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকায় অন্ধবিশ্বাসের জেরে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সেখানে 'ডাইনি' সন্দেহে ৬৫ বছর বয়সি এক আদিবাসী বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম রুমকি মুর্মু। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে| সে ওই আদিবাসী বৃদ্ধার প্রতিবেশী| অভিযুক্ত যুবকের নাম জয়রাম কিসকু।

ঘটনাটি ঘটেছে শিরশী গ্রাম পঞ্চায়েতের নাহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় গাড়ি চালক অভিযুক্ত জয়রাম কিসকুর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। জয়রামের সন্দেহ ছিল যে, তার ছেলের এই অসুস্থতার পেছনে রয়েছে প্রতিবেশী ওই বৃদ্ধার 'ডাইনি' হওয়া। অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন মত্ত অবস্থায় জয়রাম ওই বৃদ্ধার পথ আটকায়। সে প্রথমে তাঁকে গালিগালাজ করে এবং তারপর লাঠি দিয়ে নৃশংসভাবে মারধর করে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে দ্রুত হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। হরিরামপুর থানার পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

নিহতের ছেলে গুডুম কিসকু বলেন, ঘটনার সময় আমি বাইরে ছিলাম। আমার বোন ফোন করে জানায় যে মাকে মারধর করা হয়েছে এবং ডাইনি বলা হচ্ছে। আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত এমন কথা শুনিনি। আমি পুলিশের কাছে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছি। ঘটনার তদন্ত নিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) অভিষেক গুপ্তা জানান, বচসা ও উত্তপ্ত বাকবিতণ্ডার পর ওই মহিলার ওপর হামলা চালানো হয়, যার ফলে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এক জনকে গ্রেফতার করেছে। তবে, পরিবারের তরফ থেকে জমা দেওয়া লিখিত অভিযোগে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

এই নৃশংস ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী বলেন, এত ব্যাপক প্রচার ও সচেতনতা অভিযান সত্ত্বেও সমাজ থেকে কুসংস্কার পুরোপুরি দূর হয়নি। কোনো পারিবারিক বিবাদ বা অসুস্থতাকে কেন্দ্র করে ডাইনি অপবাদ দিয়ে মানুষকে হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা শীঘ্রই ওই গ্রাম পরিদর্শনে যাবেন। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং এলাকায় এই ধরনের কুপ্রথা ও অন্ধবিশ্বাস দূর করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করব।

--------

হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ




 

 rajesh pande