
হুগলি, ২৬অক্টোবর (হি.স.): প্লাস্টিক বর্জ্যের দূষণে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্র। পর্যটকদের অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে পাহাড়ের বিভিন্ন প্রান্তে জমছে প্লাস্টিকের আবর্জনা, যা নষ্ট করছে প্রকৃতির ভারসাম্য।
এই পরিস্থিতিতে শুশুনিয়া পাহাড়কে প্লাস্টিকমুক্ত রাখা এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার বার্তা নিয়ে এগিয়ে এলেন আরামবাগ হাই স্কুলের পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস।
সোমবার তিনি পাহাড়ের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য প্লাস্টিকের বর্জ্য নিজে হাতে সংগ্রহ করে সেগুলি নির্দিষ্ট স্থানে রাখেন তিনি। পাশাপাশি পাহাড়ে বেড়াতে আসা পর্যটক ও সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং পাহাড়ের সবুজ পরিবেশ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আরও সবুজায়নের বার্তা দিতে প্রতীকী বৃক্ষরোপণও করেন তিনি।
তাঁর এই উদ্যোগের মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্য রক্ষা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগিয়ে তোলার বার্তা উঠে আসে। পাহাড়কে দূষণমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ যে অত্যন্ত জরুরি, সেই বার্তাই তুলে ধরেন ভবানীবাবু।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা