
নয়ডা, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলার নয়ডার দাদরি থানা এলাকার ন্যাদারগঞ্জ কলোনিতে এক যুবককে লক্ষ্য করে পরপর দু’টি গুলি চালানোর অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই যুবক। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার দাদরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীরজ কুমার মিশ্র জানান, সোমবার রাতে হরেন্দ্র নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দাদরি শহরের ন্যাদারগঞ্জ মহল্লার বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, রাতে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন হরেন্দ্র। সেই সময় একটি বাইকে চেপে তিন ব্যক্তি সেখানে আসে। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর দু’টি গুলি চালানো হয়। তবে অল্পের জন্য গুলির আঘাত থেকে রক্ষা পান তিনি। হরেন্দ্রর অভিযোগ, এই ঘটনায় তাঁর প্রতিবেশী বিকাশ সেন এবং দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর অভিযুক্তরা তাঁর সঙ্গে ঝামেলা করার চেষ্টা করেছিল। তবে সেদিন তিনি নিজের বাড়িতে চলে যান। সেই ঘটনার দু’দিনের মধ্যেই গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার দাদরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীরজ কুমার মিশ্র জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস