
হুগলি, ২৮অক্টোবর (হি.স.) । হুগলি জেলার আরামবাগের বালিয়া এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন ১৫ জন বাসযাত্রী। জানা গিয়েছে, এদিন গোতান থেকে আরামবাগের উদ্দেশে যাচ্ছিল যাত্রিবাহী বাসটি। সেই সময় বালিয়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় বাসটি।
দুর্ঘটনার পর বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় মোট ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বালিয়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা