ডিমা হাসাও জেলা বিজেপির সহ-সভাপতি লিটন চক্রবর্তীর প্রয়াণ, রাতে মাহুরে শেষকৃত্য
গুয়াহাটি থেকে মাহুরের বাসভবনে দেহ আনার পর শ্রদ্ধা জানাল জেলা বিজেপি ও বাঙালি পরিষদ অসমের ডিমা হাসাও জেলা সমিতি
Liton Chakraborty


হাফলং (অসম), ২৮ অক্টোবর (হি স): প্রয়াত হলেন ডিমা হাসাও জেলা বিজেপির সহ-সভাপতি তথা প্রাক্তন পরিষদ সদস্য লিটন চক্রবর্তী। বুধবার সকালে গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ গুয়াহাটি থেকে মাহুরের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয়। এরপর রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

লিটন চক্রবর্তী ডিমা হাসাও জেলার রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। বিজেপির জেলা সহ-সভাপতি হিসেবে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি তিনি বাঙালি পরিষদ অসমের ডিমা হাসাও জেলা সমিতির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মাহুরের বাসভবনে তাঁর মরদেহ পৌঁছনোর পর ডিমা হাসাও জেলা বিজেপি এবং বাঙালি পরিষদ অসমের ডিমা হাসাও জেলা সমিতির পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর প্রয়াণে দুই সংগঠনের সদস্য ও অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহীকে। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande