
থেনি (তামিলনাড়ু), ২৮ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর থেনি জেলা সাব-জেল ভেঙে ১৭ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে পাকড়াও করা সম্ভব হলেও বাকি ৪ জন ফেরার বন্দির সন্ধানে অভিযান আরও তীব্র করল পুলিশ। পলাতকদের ধরতে এবার পশ্চিমঘাট পর্বতমালার ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি শুরু করেছে তামিলনাড়ু পুলিশ ও বন দফতরের যৌথ দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেল ভেঙে পালানোর পর বন্দিরা সংলগ্ন জঙ্গল ও পাহাড়ের খাঁজে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। ড্রোনের নজরদারি ও বিশেষ তল্লাশি চালিয়ে জেলের পিছনের বনাঞ্চল এবং সংলগ্ন এলাকা থেকে একে একে মোট ১৩ জন বন্দিকে ইতিপূর্বেই ফের পাকড়াও করা হয়েছে। তবে বাকি চার জন বন্দি গভীর বনাঞ্চল ব্যবহার করে পার্শ্ববর্তী কেরলের ইডুক্কি বা অন্য কোনো জেলায় পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেই কারণে পশ্চিমঘাট পর্বতের গভীর অরণ্য, গিরিপথ এবং পাহাড়ি গ্রামগুলিতে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। জঙ্গল এলাকায় তল্লাশির জন্য আধুনিক ড্রোন ক্যামেরা, থার্মাল ইমেজিং ও স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে। বনাঞ্চলের সীমানা ছাড়াও চেকপোস্ট ও পাহাড়ি রাস্তায় সন্দেহভাজনদের খোঁজে কড়া চেকিং চালাচ্ছে পুলিশের একাধিক বিশেষ দল। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে, বাকি চার বন্দিকেও দ্রুত জালে তুলতে সর্বাত্মক প্রয়াস জারি রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ