
গাইঘাটা, ২৮ অক্টোবর (হি. স.): ফের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। বুধবার দুপুরে গাইঘাটা থানার বর্ণবেরিয়ার রাজবংশী পাড়ায় একটি ধানখেত থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক কৃষকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বাসুদেব দাস। তাঁর বাড়ি গাইঘাটা থানার নোড়াদহ এলাকায়। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বর্ণবেরিয়ার রাজবংশী পাড়ায় লিজ নেওয়া একটি জবা খেতে পরিচর্যার কাজে গিয়েছিলেন বাসুদেব। সেই জমির পাশেই অভিযুক্ত নাড়ুগোপাল বিশ্বাসের জমি রয়েছে। অভিযোগ, ওই সময় বাসুদেবকে একা পেয়ে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এলোপাথাড়ি কোপানোর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
ঘটনাকে কেন্দ্র করে মৃতের স্ত্রীর অভিযোগ, নাড়ুগোপাল বিশ্বাস এবং তাঁর স্ত্রী ঋতুপর্ণা দাস পরিকল্পনা করেই বাসুদেবকে খুন করেছেন। তাঁর দাবি, ঋতুপর্ণার সঙ্গে বাসুদেবের সম্পর্ক ছিল বলে তিনি সন্দেহ করছেন। সেই সম্পর্কের সূত্রে ঋতুপর্ণাকে বাসুদেব অনেক টাকা দিয়েছিলেন বলেও অভিযোগ। ওই টাকা ফেরত চাওয়া নিয়ে বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন মৃতের স্ত্রী।
পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আটক নাড়ুগোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের কারণ ও অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য