কেন্দ্রীয় প্রকল্পের জট কাটাতে সচিবদের প্রতি মাসে দিল্লি যাওয়ার নির্দেশ, মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ
কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গে আটকে থাকা ও ঝুলে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজে গতি আনতে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবদের এবার থেকে প্রতি মাসে অন্তত একবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রক
কেন্দ্রীয় প্রকল্পের জট কাটাতে সচিবদের প্রতি মাসে দিল্লি যাওয়ার নির্দেশ, মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ


কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গে আটকে থাকা ও ঝুলে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজে গতি আনতে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবদের এবার থেকে প্রতি মাসে অন্তত একবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতি মাসে দু'বারও দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে কেবল চিঠি বা ইমেল পাঠিয়ে দায়িত্ব সারার বদলে সরাসরি আলোচনার মাধ্যমে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ওপরই জোর দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজ্য প্রশাসন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণে নানা রকম জটিলতা দেখা দিচ্ছে। কোথাও তহবিলের বরাদ্দ আটকে রয়েছে, আবার কোথাও অনুমতি মিলতে দেরি হওয়া বা প্রশাসনিক জটিলতার কারণে কাজ থমকে রয়েছে। প্রশাসনের একাংশের মত, কেবল কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত সফল করতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যেই নির্দিষ্ট দফতরের সচিবদের সরাসরি কেন্দ্রীয় মন্ত্রকগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত দফতরের সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রত্যক্ষ যোগ রয়েছে, সেই দফতরগুলির সচিবদের নিয়মিত দিল্লি সফর করতে হবে। সেখানে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বৈঠক করে প্রকল্পের অগ্রগতির পর্যালোচনায় বসতে হবে। বৈঠকে সুনির্দিষ্টভাবে আলোচনা করতে হবে যে, কাজের কোন স্তরে জট তৈরি হয়েছে, কেন অনুমতি মিলতে দেরি হচ্ছে এবং সেই বাধাগুলি দ্রুত কীভাবে দূর করা সম্ভব।

রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কেন্দ্রীয় প্রকল্প বা কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র চিঠি বা ইমেল চালাচালি করে বসে থাকলে সমাধান আসবে না। প্রয়োজনে বারবার যোগাযোগ রেখে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে সামনাসামনি আলোচনা এবং সক্রিয় উদ্যোগ নিতে হবে।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, দীর্ঘকাল ধরেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ চলে আসছে। বিশেষ করে তহবিলের বরাদ্দ, আইনি অনুমোদন এবং প্রকল্পের নির্দিষ্ট শর্তাবলী পূরণ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন দেখা গেছে। রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্র থেকে টাকা বা অনুমোদন সময়মতো না মেলায় একাধিক প্রকল্পের কাজ মার খাচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্তগুলি কঠোরভাবে মেনে চলার ওপরও জোর দেওয়া হয়। এমতাবস্থায় দুই পক্ষের আধিকারিকদের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকের ফলে সমস্যাগুলির মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান করা সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande