
উত্তর দিনাজপুর, ২৯ অক্টোবর (হি.স.) উন্নত চিকিৎসা পরিষেবা যাতে উত্তরবঙ্গের মানুষের আরও নাগালের মধ্যে আসে, সেই লক্ষ্যেই উত্তর দিনাজপুরে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার জানিয়েছেন, কেন্দ্রের অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমিপুজো করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিশা খুলতে পারে। রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক থেকে জেলার উন্নয়ন ও জনপরিষেবা সম্প্রসারণে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচিতে তিনি জানান, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত