কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে তদন্তে নামল আশীঘর ফাঁড়ির পুলিশ
শিলিগুড়ি, ২৯ অক্টোবর (হি.স.) : শিলিগুড়িতে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে আসা এই ঘটনায় মৃত ছাত্রীর নাম প্রিয়া মণ্ডল বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পর
কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে তদন্তে নামল আশীঘর ফাঁড়ির পুলিশ


শিলিগুড়ি, ২৯ অক্টোবর (হি.স.) : শিলিগুড়িতে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে আসা এই ঘটনায় মৃত ছাত্রীর নাম প্রিয়া মণ্ডল বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পরিবারটি । মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে বুধবার রাতে ভক্তিনগর থানার অন্তর্গত আশীঘর পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয়েছেন নিহতের পরিবারের সদস্যরা । মৃতার মা দীপালী মণ্ডলের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত প্রায় দুই বছর ধরে কৌশভ সরকার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিয়ার। পরিবারের দাবি, এই সম্পর্ক চলাকালীন বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রায় দেড় মাস আগে কৌশভের অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানতে পারে প্রিয়া। সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রিয়ার সঙ্গে চরম দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগপত্র অনুযায়ী, গত ২৫ অক্টোবর বিয়ের বিষয় নিয়ে কথা বলতে পরিবারের সদস্যদের সঙ্গে কৌশভের বাড়িতে গিয়েছিলেন প্রিয়া। সেখানে তাঁদের চরম অপমানিত হতে হয় এবং কৌশভের পরিবার সম্পর্ক ভেঙে দেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়। পরিবারের দাবি, গত ২৮ অক্টোবর সকালে প্রিয়া বাড়িতে স্বাভাবিকভাবেই পুজো দেয়, বাজারে যায় এবং পরিবারের লোকেদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও বলে। এরপর সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকেই উদ্ধার হয় প্রিয়ার নিথর দেহ। প্রিয়ার মায়ের দাবি, ঘটনার পেছনে গভীর রহস্য রয়েছে, তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আনুক পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande