
নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): আর্থিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রমবর্ধমান প্রয়োগের ফলে সাইবার ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে বলে সতর্ক করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, পশ্চিম এশিয়ার উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
শনিবার দিল্লিতে আয়োজিত পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়ে আরবিআই গভর্নর জানান, এআই-এর দ্রুত প্রসারের ফলে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি, মডেলের ত্রুটিজনিত ঝুঁকি, তৃতীয় পক্ষের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং মানুষের নজরদারি ও দায়বদ্ধতা কমে যাওয়ার মতো একাধিক বড় বিপদ তৈরি হচ্ছে।
তিনি বলেন, আমার মতে, অভূতপূর্ব স্বায়ত্তশাসন এবং সমস্যা সমাধানের দক্ষতাসম্পন্ন অত্যাধুনিক এআই প্রযুক্তির বিকাশের ফলে এই মুহূর্তে সবচেয়ে তাৎক্ষণিক ও বড় উদ্বেগের জায়গা হলো সাইবার ঝুঁকি। বিশেষ করে বর্তমান আর্থিক পরিকাঠামোর ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য, কারণ বিশ্বজুড়ে ব্যাঙ্কিং ব্যবস্থা অত্যন্ত নিবিড়ভাবে পরস্পর সংযুক্ত এবং এর কোনও ভৌগোলিক সীমান্ত নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ