
কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রেল পরিষেবার আধুনিকীকরণ, যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ করছে পূর্ব রেল। এই উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মঙ্গলবার কলকাতায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বিভাগীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং-সহ দুই ডিভিশনের আধিকারিক ও সাংসদরা।
বৈঠকে গীতিকা পাণ্ডে জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্প, কবচ প্রযুক্তির বাস্তবায়ন, রোলিং স্টকের সম্প্রসারণ, লেভেল ক্রসিং তুলে দেওয়া, রোড ওভারব্রিজ, আন্ডারপাস এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিন পূর্ব রেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘জন প্রতিনিধি পোর্টাল’-এর বৈশিষ্ট্যও সাংসদদের সামনে তুলে ধরা হয়। বৈঠকে অধ্যাপক সৌগত রায় বিভাগীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
সাংসদরা কাটোয়া-আজিমগঞ্জ রুটে নতুন ট্রেন, কাটোয়া-শিয়ালদহ লোকাল, শিয়ালদহ দক্ষিণ শাখায় এসি লোকাল, মালদহ-শিয়ালদহ মেমু পরিষেবা, নসিপুর সেতু দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন স্টেশনে পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব দেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, যাত্রীস্বার্থে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে রেল বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়