

হাফলং (অসম), ১১ নভেম্বর ( হি স): বুধবার সকালে গুয়াহাটি–লামডিং রেল সেকশনে ভয়াবহ রেল দুর্ঘটনার খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ডিগারু রেলস্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা–সাইরং এক্সপ্রেস। প্রাথমিক খবর অনুযায়ী, দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন-সহ একাধিক কামরা রেললাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন রেলযাত্রী বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
সকালে ট্রেনটি নির্ধারিত পথে চলার সময় ডিগারু এলাকায় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে ট্রেনের কামরাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণকার্য শুরু করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই দুর্ঘটনার জেরে গুয়াহাটি–লামডিং রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের চিকিৎসা এবং লাইন থেকে ক্ষতিগ্রস্ত কামরাগুলি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করাই এখন রেল কর্তৃপক্ষের কাছে প্রধান চ্যালেঞ্জ।
তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেললাইনের ত্রুটি, যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা—তা তদন্তের পরই জানা সম্ভব হবে। দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও রেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব