অসম ট্রেন দুর্ঘটনা: সাইরাং এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের ৩০০-র বেশি যাত্রী, সাহায্যার্থে একাধিক স্টেশনে বিশেষ হেল্প ডেস্ক
কলকাতা, ১১ নভেম্বর (হি.স.) : অসমের গুয়াহাটির কাছে শিয়ালদহ থেকে মিজোরামের সাইরাংগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের তিনশো জনেরও
অসম ট্রেন দুর্ঘটনা: সাইরাং এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের ৩০০-র বেশি যাত্রী, সাহায্যার্থে একাধিক স্টেশনে বিশেষ হেল্প ডেস্ক


কলকাতা, ১১ নভেম্বর (হি.স.) : অসমের গুয়াহাটির কাছে শিয়ালদহ থেকে মিজোরামের সাইরাংগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের তিনশো জনেরও বেশি যাত্রী সওয়ার ছিলেন। তবে স্বস্তির বিষয় হলো, বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর নেই।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বুধবার সকালে কামরূপ জেলার দিগাড়ু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের (১৩১২৫) ইঞ্জিন ও পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় মাত্র চারজন যাত্রী সামান্য চোট পেয়েছেন। প্রাণহানির কোনো খবর না থাকায় সর্বত্র স্বস্তি মিলেছে।

পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কলকাতা, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা এবং কাটিহার ডিভিশনভুক্ত বিভিন্ন স্টেশন থেকে তিনশোরও বেশি যাত্রী এই ট্রেনে চেপে গুয়াহাটির দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই রেল প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের সাহায্যার্থে আসরে নামে।

পশ্চিমবঙ্গের আতঙ্কিত যাত্রী ও তাঁদের পরিবার-পরিজনদের সঠিক তথ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য শিয়ালদহ, আলিপুরদুয়ার, নৈহাটি এবং বহরমপুর কোর্ট স্টেশনে বিশেষ হেল্প ডেস্ক বা সাহায্য কেন্দ্র খোলা হয়েছে।

অন্যদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে -এর এক মুখপাত্র দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে জানান, দিগাড়ু স্টেশনে প্রবেশ করার সময় অন্য একটি ট্রেনকে পাস দেওয়ার জন্য লোকোমাইলট গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে সমস্ত আটকে পড়া যাত্রীকে একটি বিকল্প বিশেষ ট্রেনের মাধ্যমে নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande