ডিমা হাসাওয়ে প্রকাশিত ২০২৭ সালের খসড়া ভোটার তালিকা, জেলায় ভোটার বেড়ে ১ লক্ষ ৫৯ হাজার
হাফলং (অসম), ১২ নভেম্বর (হি স): ২০২৭ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ডিমা হাসাও জেলা নির্বাচন দফতর। বৃহস্পতিবার ১১৩ নম্বর হাফলং (তফসিলি জনজাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই তালিকা প্রকাশ
Voter list


হাফলং (অসম), ১২ নভেম্বর (হি স): ২০২৭ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ডিমা হাসাও জেলা নির্বাচন দফতর। বৃহস্পতিবার ১১৩ নম্বর হাফলং (তফসিলি জনজাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই তালিকা প্রকাশ করা হয়। ৬ নম্বর ডিফু (তফসিলি জনজাতি সংরক্ষিত) লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন অতিরিক্ত জেলাশাসক ইলিয়াস আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তথা নির্বাচনী নিবন্ধন আধিকারিক শৌর্য শর্মা এবং প্রশাসনের অন্যান্য আধিকারিক। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচন দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন খসড়া তালিকায় ডিমা হাসাও জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪০০। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৮৭১ জন এবং মহিলা ভোটার ৮০ হাজার ৫২৯ জন।

গত ২৩ মার্চ প্রকাশিত ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে ৭৬০ জন। বৃদ্ধির হার ০.৯৫ শতাংশ। ২০২৬ সালের চূড়ান্ত তালিকায় মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৫৮ হাজার ৬৪০ জন। তাঁদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৫১৪ এবং মহিলা ৮০ হাজার ১২৬ জন।

নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ৩৫৭ জন, বৃদ্ধির হার ০.৪৫ শতাংশ। অন্য দিকে, মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ৪০৩ জন, বৃদ্ধির হার ০.৫০ শতাংশ। অর্থাৎ, পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিমাণ বেশি।

এ দিকে, সাধারণ মানুষের সুবিধার্থে ২০২৭ সালের খসড়া ভোটার তালিকা ডিমা হাসাও জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। dimahasao.assam.gov.in ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা এই তালিকা দেখতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande