
কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): সব্যসাচী দত্তর মামলায় শুক্রবার সকাল থেকে চলছে ইডির তল্লাশি অভিযান। জানা গেছে, লেকটাউনে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। এছাড়া সল্টলেকেও একাধিক জায়গায় চলছে তল্লাশি। জানা গেছে, এ দিন সকাল থেকে লেকটাউন, সল্টলেক-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশ সব্যসাচীকে তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার করেছিল। এই মামলার তদন্তে আর্থিক দুর্নীতির তথ্য উঠে আসে। সব্যসাচী ঘনিষ্ঠদের কাছ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছিল। তাছাড়া দুর্নীতির কালো টাকা সব্যসাচী তাঁর ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী ও প্রোমোটারদের কাছে বিনিয়োগ করেছিলেন বলে তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। রাজ্য পুলিশের এফআইআরের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ