
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) :
সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত পূর্ব রেলের অবসরপ্রাপ্ত কর্মী তথা বিশিষ্ট সাহিত্যিক অশোক কুমার হালদারকে সংবর্ধিত করল পূর্ব রেল। সোমবার কলকাতায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে তাঁকে সংবর্ধনা জানান।
উল্লেখ্য, ২০২৬ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অশোক কুমার হালদার। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ তাঁর দীর্ঘ সাহিত্যচর্চা এবং শিক্ষাক্ষেত্রে অবদানেরই স্বীকৃতি। রেলকর্মী হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে বিশিষ্ট সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার তাঁর এই যাত্রাপথকে বিশেষভাবে তুলে ধরেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে।
এই প্রসঙ্গে গীতিকা পাণ্ডে বলেন, হালদারের এই সাফল্য সমগ্র পূর্ব রেল পরিবারের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় এবং জ্ঞানচর্চার প্রতি অনুরাগ বর্তমান ও অবসরপ্রাপ্ত রেলকর্মীদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত