
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): নভেম্বরের শেষলগ্নে অবশেষে হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। একধাক্কায় পারদ নেমেছে ৩ ডিগ্রি, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ন্যূনতম তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
নিম্নচাপের প্রভাব কেটেছে। গত দু’দিন বৃষ্টিরও দেখা নেই। আর বৃষ্টি থামতেই ঝলমলে রোদ উঠতে শুরু করেছে। বুধবার সকালে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পারদপতন হয়েছে কলকাতায়। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। রাজ্যে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। মঙ্গলবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বুধবার অনেকটাই কমেছে। আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ