
আসানসোল, ২৬ নভেম্বর (হি.স.): স্বাস্থ্য পরিষেবার মান এবং পরিকাঠামো আরও উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটি আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন করে। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গা মুর্মুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল আসানসোল জেলা হাসপাতালে গিয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসা পরিষেবা ও রোগীদের দেওয়া সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, রোগী ও তাঁদের পরিজনদের প্রাপ্ত সুযোগ-সুবিধা এবং আগামী দিনে হাসপাতালে প্রস্তাবিত উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে। প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম বোঝার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। হাসপাতালের পরিকাঠামো মজবুত করা, চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ এবং রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।
স্বাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গা মুর্মু, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডা. মহম্মদ শেখ ইউনুস, বিধায়ক বিজন মুখার্জি, আসানসোল জেলা হাসপাতালের নবনিযুক্ত সুপারিনটেনডেন্ট ডা. তপন বিশ্বাস-সহ হাসপাতালের চিকিৎসক এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ