
শিলিগুড়ি, ৪ নভেম্বর (হি.স.): নাগরিক পরিষেবা ও শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অসন্তোষের পর নড়েচড়ে বসল শিলিগুড়ি পুর প্রশাসন। শহরের যত্রতত্র আবর্জনা জমে থাকা এবং জঞ্জাল অপসারণে গাফিলতির অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকাল থেকে তিন দিনব্যাপী (৭২ ঘণ্টা) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করল শিলিগুড়ি পুরনিগম। গোটা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং পুর প্রশাসক আর. বিমলা নিজে রাস্তায় নেমে এই সাফাই অভিযানের তদারকি করছেন।
পুরনিগমে নির্বাচিত পুরবোর্ড না থাকায় বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ির সামগ্রিক নাগরিক পরিষেবা ও সাফাই ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। শহরের প্রধান প্রধান রাস্তাঘাট এবং অলিগলিতে জঞ্জালের স্তূপ জমে থাকার অভিযোগ উঠছিল বারবার। পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে পুরনিগম কার্যালয়ে যান এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শহরের পরিচ্ছন্নতার অভাব দেখে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন কালীপুজোর আগেই গোটা শহরে যুদ্ধকালীন তৎপরতায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানোর কড়া নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই নড়েচড়ে বসে পুর কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই পাঁচটি বিশেষ দল শহরের বিভিন্ন ওয়ার্ড ও প্রধান রাস্তাগুলিতে জমে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু করেছে। একাধিক গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন প্রশাসক আর. বিমলা।
তিনি জানান, মঙ্গলবারের উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এই ৭২ ঘণ্টার বিশেষ মেগা ড্রাইভ শুরু করা হয়েছে। পুরনিগমের সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত শহরের যাবতীয় জঞ্জাল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, এই বিশেষ অভিযান শেষ হওয়ার পরও স্যানিটেশন ব্যবস্থার ওপর কড়া নজরদারি বজায় থাকবে, যাতে শহরে আর নতুন করে আবর্জনার স্তূপ তৈরি না হয়।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ