
হুগলি, ০৪ নভেম্বর (হি.স.) : হুগলি জেলাকে যক্ষ্মামুক্ত করার লক্ষ্যে সচেতনতা অভিযান চালাল ব্যান্ডেল মহাত্মা গান্ধী হিন্দি বিদ্যালয়ের ‘জশ’ (জয়েন্ট স্কোয়াড ফর হেলথ) দলের ক্যাডেটরা। বুধবার এই উপলক্ষে ক্যাডেটরা চুঁচুড়ার প্রিয়নগরের ভগবতী ডাঙা স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অভিযান চলাকালীন ক্যাডেটরা সাধারণ মানুষের কাছে যক্ষ্মা রোগের বিভিন্ন উপসর্গ, রোগ প্রতিরোধের উপায় এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। যক্ষ্মা রোগ সম্পর্কে মানুষের মধ্যে থাকা ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার বার্তাও দেওয়া হয়।
শুধু যক্ষ্মা নয়, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি প্রকল্প এবং জনস্বার্থমূলক কর্মসূচি সম্পর্কেও স্থানীয় বাসিন্দাদের অবহিত করেন ক্যাডেটরা।
বিদ্যালয়ের ‘জশ’ দলের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সমাজের তৃণমূল স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং যক্ষ্মা নির্মূলের কাজে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা