মাদক কারবারের বিরুদ্ধে কাটিহার পুলিশের বিশেষ অভিযান, পাচারকারীদের ধরতে তল্লাশি
কাটিহার, ৪ নভেম্বর (হি.স.) : বিহারে কাটিহার জেলায় মাদকদ্রব্যের অবৈধ কারবার বন্ধ এবং পাচারচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে বুধবার বিশেষ অভিযান শুরু করেছে কাটিহার পুলিশ। পুলিশ সুপারের কড়া নির্দেশের পর জেলার শহরাঞ্চল-সহ সমস্ত থানা এলাকার পুলিশ একযোগে অভি
মাদক কারবারের বিরুদ্ধে কাটিহার পুলিশের বিশেষ অভিযান, পাচারকারীদের ধরতে তল্লাশি


কাটিহার, ৪ নভেম্বর (হি.স.) : বিহারে কাটিহার জেলায় মাদকদ্রব্যের অবৈধ কারবার বন্ধ এবং পাচারচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে বুধবার বিশেষ অভিযান শুরু করেছে কাটিহার পুলিশ। পুলিশ সুপারের কড়া নির্দেশের পর জেলার শহরাঞ্চল-সহ সমস্ত থানা এলাকার পুলিশ একযোগে অভিযানে নেমেছে। মাদকদ্রব্য উদ্ধার এবং এই কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন সন্দেহভাজন আস্তানায় তল্লাশি চালানো হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় এবং আন্তঃজেলা সীমান্তে ব্যাপক যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করে দেখছে পুলিশ। পাশাপাশি, আগে থেকে চিহ্নিত স্পর্শকাতর এলাকা, মাদক মজুতের সম্ভাব্য স্থান এবং পাচারের রুটগুলির উপরেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ সুপার জেলার সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের এই অভিযান লাগাতার ও কার্যকরভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মাদক সংক্রান্ত কোনও গোপন খবর পাওয়া মাত্রই যাতে দেরি না করে পদক্ষেপ করা হয়, সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে কাটিহার পুলিশ। মাদকদ্রব্যের অবৈধ কারবার, মজুত বা পাচার সংক্রান্ত কোনও তথ্য থাকলে নিকটবর্তী থানায় জানানোর আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande