আর. কে. সিনহার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হিন্দুস্থান সমাচার-এর
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): বুধবার হিন্দুস্থান সমাচার-এর দিল্লির কার্যালয়ে রবীন্দ্র কিশোর সিনহা (আর. কে. সিনহা)-র স্মরণে একটি শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। সাংবাদিক, শিল্পপতি, রাজনীতিবিদ এবং নিরাপত্তা সংস্থা এসআইএস-এর প্রতিষ্ঠাতা আর. কে. সিন
আর. কে. সিনহার শ্রদ্ধাঞ্জলি সভায় প্রবীণ সাংবাদিক রাম বাহাদুর রাই ও অশোক ট্যান্ডন


নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): বুধবার হিন্দুস্থান সমাচার-এর দিল্লির কার্যালয়ে রবীন্দ্র কিশোর সিনহা (আর. কে. সিনহা)-র স্মরণে একটি শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। সাংবাদিক, শিল্পপতি, রাজনীতিবিদ এবং নিরাপত্তা সংস্থা এসআইএস-এর প্রতিষ্ঠাতা আর. কে. সিনহা হিন্দুস্থান সমাচার নিউজ এজেন্সির প্রাক্তন চেয়ারম্যান। দীর্ঘ অসুস্থতার পর গত ৩০ অক্টোবর তাঁর জীবনাবসান হয়।

বুধবার দিল্লির পঞ্চকুঁইয়া রোডে অবস্থিত হিন্দুস্থান সমাচারের কেন্দ্রীয় কার্যালয়ে এই শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। এতে হিন্দুস্থান সমাচার নিউজ এজেন্সির গ্রুপ এডিটর রামবাহাদুর রাই এবং প্রবীণ সাংবাদিক অশোক ট্যান্ডন-সহ নিউজ এজেন্সির বর্তমান ও প্রাক্তন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও, দেশজুড়ে হিন্দুস্থান সমাচার নিউজ এজেন্সিতে কর্মরত সহযোগীরা গুগল মিটের মাধ্যমে যুক্ত হন। এই সময় কিছু সহকর্মী তাঁর উদারতা, কর্মনিষ্ঠা এবং নিউজ এজেন্সিতে তাঁর কার্যকাল সম্পর্কিত নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

প্রবীণ সাংবাদিক রামবাহাদুর রাই তাঁকে একজন বন্ধু হিসেবে স্মরণ করেন। জানান, কীভাবে এক কঠিন সময়ে তিনি নিউজ এজেন্সির দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং এটিকে এগিয়ে নিয়ে যান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, শিল্পপতি ও রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও লেখার প্রতি তাঁর গভীর আগ্রহ অটুট ছিল। অশোক ট্যান্ডনও তাঁকে বন্ধু, সাংবাদিক এবং প্রয়াত বালেশ্বর আগরওয়ালের সঙ্গে কাজ করার সময়ের সহকর্মী হিসেবে স্মরণ করেন। তিনি জানান, তাঁরই অনুপ্রেরণায় আর. কে. সিনহা হিন্দুস্থান সমাচারের সঙ্গে যুক্ত হন এবং এর দায়িত্বভার গ্রহণ করেন। হিন্দুস্থান সমাচারের সহকর্মীরা প্রয়াত ডঃ সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দুই মিনিট নীরবতা পালন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande