
হাওড়া, ৬ নভেম্বর (হি. স.): ‘মৎস্য সঞ্চার কর্মসূচি’তে নদীর দূষণ রোধ করে গঙ্গাকে বাঁচাতে ও মাছের সংখ্যা বাড়িয়ে মৎস্যজীবীদের সাহায্য করতে কেন্দ্রীয় প্রকল্প এবার রাজ্যে। হাওড়ায় গঙ্গার ঘাটগুলি থেকে ছাড়া হল ৬ লক্ষ মাছের চারা।
একদিকে যেমন পরিবেশের ভারসাম্য হয়ে গঙ্গাদূষণ কমবে। গঙ্গার জল পরিশুদ্ধ হবে। তেমন অপরদিকে মাছের সংখ্যা বাড়লে চাষ করে উপকৃত হবেন মৎস্যজীবীরা। এই লক্ষ্যেই কেন্দ্রীয় প্রকল্পের সহায়তায় রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গায় মাছের চারা ছাড়া হল।
উল্লেখ্য, গঙ্গায় মাছের পরিমাণ অনেক কমে গিয়েছে। তার উপর গঙ্গায় মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রেও নানা নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্য সরকারের গঙ্গায় মাছ ছাড়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মৎস্যজীবী ও মৎস্য দফতরের আধিকারিকরা।
শুক্রবার মৎস্য দফতরের উদ্যোগে হাওড়ায় রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট-সহ তিনটি ঘাটে ২ লক্ষ করে মোট ৬ লক্ষ মাছের চারা ছাড়া হল। প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনার অধীনে এদিন এই মৎস্য সঞ্চার কর্মসূচি পালন হল শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে। হাওড়া জেলা প্রশাসন ও সহ মৎস্য অধিকর্তা হাওড়ার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমবায় ফেডারেশন লিমিটেড (বেনফিশ) এই কর্মসূচির আয়োজন করে।
এদিন এই কর্মসূচিতে রামকৃষ্ণপুর ঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই, জেলা পরিষদের সহ-সভাধিপতি তুষার ঘোষ, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া সহ জেলা ও রাজ্যের মৎস্য দফতরের পদস্থ আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত