লাংটিং স্টেশনে রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেসের কামরায় আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
হাফলং (অসম), ৮ নভেম্বর (হি স): রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেসের কামরায় আগুন লাগার ঘটনায় রবিবার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা। রেল সূত্রে জ
Photo 1


হাফলং (অসম), ৮ নভেম্বর (হি স): রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেসের কামরায় আগুন লাগার ঘটনায় রবিবার আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ১৫৬১১ নম্বর ডাউন রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেসের এস৫ কামরার পিছনের দিকের চাকায় হট অ্যাক্সেল থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাটি ঘটে লাংটিং রেলস্টেশনে। ট্রেনটি স্টেশনে থাকাকালীন এস৫ কামরার পিছনের চাকার অংশে অস্বাভাবিক উত্তাপের জেরে আগুন ধরে যায়। বিষয়টি নজরে আসতেই ট্রেনের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। রেলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই বিপদ এড়ানো সম্ভব হয়।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। ট্রেনের সমস্ত যাত্রীই নিরাপদ রয়েছেন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে।

রেল চলাচলের ক্ষেত্রে হট অ্যাক্সেল একটি বিপজ্জনক পরিস্থিতি। চাকার অক্ষ অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠলে ঘর্ষণ ও তাপের কারণে আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে। লাংটিং স্টেশনে রেলকর্মীদের সময়োচিত পদক্ষেপে এ দিন সম্ভাব্য বড় বিপদ এড়ানো গেলেও, রেল চলাচলের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande