উদয়পুরে রাজর্ষি উৎসবের উদ্বোধন, সাংস্কৃতিক রাজধানী গড়ার লক্ষ্য সরকারের
উদয়পুর (ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গোমতী জেলার উদয়পুরে রাজর্ষি উৎসবের উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। রাজনগরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজর্ষি উৎসব শুধু আনন্দ-উৎসব নয়, এটি রাজ্যের প্রাচীন
রাজর্ষি উৎসব শুরু


উদয়পুর (ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গোমতী জেলার উদয়পুরে রাজর্ষি উৎসবের উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। রাজনগরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজর্ষি উৎসব শুধু আনন্দ-উৎসব নয়, এটি রাজ্যের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উন্নয়নের ধারাও অব্যাহত রাখতে হবে।

অর্থমন্ত্রী জানান, ভুবনেশ্বরী মন্দির একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান এবং প্রতিবছর এই পবিত্র মন্দির প্রাঙ্গণেই রাজর্ষি উৎসবের আয়োজন করা হয়। উদয়পুরকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক শহর হিসেবে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণকে আরও সুসজ্জিত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

তিনি বলেন, একসময় উদয়পুর ছিল ত্রিপুরার রাজধানী। সেই ঐতিহ্যকে ধারণ করেই শহরটিকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উদয়পুরের ঐতিহাসিক দীঘিগুলির সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভুবনেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে শিল্প ও সংস্কৃতির চর্চার জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকার জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণে কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী এবং রাজর্ষি উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দফতরের সহ-অধিকর্তা অজয় দে এবং সভাপতিত্ব করেন বিধায়ক রামপদ জমাতিয়া। উপস্থিত ছিলেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিপ সরকারসহ বিশিষ্টজনেরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande