
নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (আইটি)-র শিক্ষানবিশ আধিকারিকরা মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি তাঁদের বলেন, প্রত্যক্ষ কর - রাজস্ব দেশের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অর্থ সরকার বিনিয়োগ করে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ খাতে। অন্তর্ভুক্তিমূলক এবং ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেভেনিউ সার্ভিসের আধিকারিকদের কাজের পরিধি শুধুমাত্র কর সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। জটিল আর্থিক লেনদেন বিশ্লেষণ, সীমান্তের এপারে - ওপারে বেআইনি অর্থপ্রবাহ চিহ্নিত করা, জটিল বাণিজ্যিক নানা কাঠামো ভালোভাবে অনুধাবন করা – এসবও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু বিবেচনা করে আধিকারিকদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য এবং যৌক্তিকতা বজায় রাখা জরুরি বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত, কখনও বা নমনীয় মনোভাব, দায়িত্বপূর্ণ ও সংবেদনশীল আচরণ, সংযম এবং সর্বোপরি সংবিধানের প্রতি দায়বদ্ধতা – সবকিছুই তাঁদের বজায় রাখতে হবে বলে জানান রাষ্ট্রপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ