
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৯ মার্চ (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়িসহ একাধিক যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে তেলিয়ামুড়া থানার অধীন মানিক বাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই একদল দুষ্কৃতী সেখানে এসে হামলা চালায় এবং মন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর শুরু করে। শুধু মন্ত্রীর গাড়িই নয়, আশেপাশে থাকা আরও কয়েকটি গাড়িও তাঁদের আক্রমণের শিকার হয়।
এই হামলার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হামলার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এদিকে মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করে বলেন এদিনের ঘটনার সাথে তিপ্রা মথা দলের দুষ্কৃতকারীরা জড়িত। তাঁদের হামলায় বিজেপি-র বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। মূলত ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে এই হামলার ঘটনা বলে দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ