
ঝাড়গ্রাম, ১ এপ্রিল (হি.স.): প্রচারের চেনা ধরণ ভেঙে সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিশে গিয়ে ভিন্ন আঙ্গিকে নির্বাচনী প্রচার সারলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। বুধবার শহরের শক্তিনগর এলাকায় চা-চক্র, বাড়ি বাড়ি ঘোরা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মেলামেশার মধ্য দিয়ে প্রচারে দেখা যায় তাঁকে।
এদিন এক বাড়ির উঠোনে উনুনে করলা ভাজছিলেন স্থানীয় বাসিন্দা অঙ্কুর মাহাতো। সেই সময় তাঁর হাত থেকে খুন্তি নিয়ে নিজেই করলা ভাজতে শুরু করেন প্রার্থী। পাশাপাশি, ক্ষমতায় এলে জমির পাট্টা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে, রাস্তার ধারে পাইপ দিয়ে জল তুলছিলেন জিতেন নায়েক। তাঁর কাছ থেকে পাইপ নিয়ে নিজেই হাঁড়ি-বালতিতে জল ভরে দেন লক্ষ্মীকান্ত সাউ। এরপর এক গৃহস্থের বাড়িতে খাটে বসে কথোপকথনের মধ্য দিয়ে দ্রুত পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দেন।
প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ বলেন, “ঝাড়গ্রাম পুরসভার বহু মানুষের জমির বৈধ কাগজ নেই। আমরা ক্ষমতায় এলে ৩০ দিনের মধ্যে জমির পাট্টা দিয়ে পাকা বাড়ির ব্যবস্থা করা হবে। গত ১৫ বছরের বঞ্চনার জবাব মানুষ এবার ভোটের মাধ্যমেই দেবে।”
স্থানীয় বাসিন্দা ভবসিন্ধু মাহাতো জানান, “এখনও আমাদের এলাকায় অন্য কোনও প্রার্থী আসেননি। বিজেপি প্রার্থী এসে মায়ের হাত থেকে খুন্তি নিয়ে করলা ভেজেছেন এবং জিতলে বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
দিনভর এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রচার চালান বিজেপি প্রার্থী।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো