
।। রাজীব দে ।।
ঢাকা, ১২ এপ্রিল (হি.স.) : আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজিপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকালে ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শুরু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬.০০টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমণ্ডির ৮/এ সড়কে নিজস্ব বাসভবন থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। ৫ দিন কারাভোগের পর আজ তিনি জামিনে মুক্তি পেলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস