
নয়াদিল্লি, ১৬ এপ্রিল ( হি. স.) : আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লখনউয়ের বিকাশ নগর এলাকার বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গত বুধবার সন্ধ্যার এই ঘটনায় কয়েকশো পরিবার সর্বস্বান্ত হয়েছে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, লখনউয়ের বিকাশ নগরের বস্তিতে ভয়াবহ আগুনে যারা নিজেদের সবকিছু হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।
তিনি আরও উল্লেখ করেন যে, এই দরিদ্র পরিবারগুলো কেবল মাথার ওপরের ছাদটুকুই হারায়নি, বরং তাদের সারা জীবনের সঞ্চয় এবং উপার্জনের মাধ্যমগুলোও এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরকারের কাছে কেজরিওয়াল আবেদন জানিয়েছেন যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত উপযুক্ত ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় লখনউয়ের বিকাশ নগরের ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ২০০টিরও বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি