
ভোপাল, ৩ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে আচমকাই বদলে গিয়েছে আবহাওয়ার চিত্র। রাজ্যের একাধিক জেলায় ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সক্রিয় প্রভাব দেখা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই ভোপালসহ বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। এর আগের দিন বৃহস্পতিবার ১৫টির বেশি জেলায় কোথাও বৃষ্টি, কোথাও প্রবল ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়।
শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। এই সময় বেশ কিছু এলাকায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যত্র ৩০-৪০ কিলোমিটার গতিতেও হাওয়ার পূর্বাভাস রয়েছে।
শুক্রবারের জন্য ৪২টি জেলায় ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলীরাজপুর, ধর, বারওয়ানি, খারগোন, খান্ডওয়া, বুরহানপুর, নরসিংহপুর, ছিন্দওয়াড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী, জব্বলপুর-সহ একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোপালে ঝড়ের জেরে শহরের কোলার, রাইসেন রোড, অবধপুরী, হোশাঙ্গাবাদ রোড ও পুরনো শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। রাতভর বৃষ্টি চলতে থাকে। সাগরে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকলেও সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। ধর জেলার গ্রামীণ এলাকায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় রাস্তায় বরফের মতো স্তর জমে যায়।
আবহ বিদদের মতে, একটি ঘূর্ণিঝড় সঞ্চালন এবং দুটি নিম্নচাপ সক্রিয় প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ৭ এপ্রিল থেকে নতুন একটি মিশ্র আবহাওয়া অব্যাহত হতে পারে, যার ফলে ১০ এপ্রিল পর্যন্ত ঝড়-বৃষ্টির দফায় দফায় সম্ভাবনা রয়েছে।
এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে গরমের তীব্রতা বাড়তে পারে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা দ্রুত বাড়বে বলে পূর্বাভাস। মাসের শেষে গোয়ালিয়র, ধর, খারগোন, বারওয়ানি এবং খাজুরাহোর অঞ্চলে তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য